• আপডেট টাইম : 02/10/2026 10:56 PM
  • 5 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

৪৫টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় অর্থায়নে সেগুলোকে আধুনিকায়ন করে চালু করা এবং ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

২ অক্টোবর শুক্রবার বিকেলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) এই কর্মসূচি আয়োজন করে।

 

টিইউসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও মহান মে দিবসে বন্ধ কারখানা চালুর ঘোষণায় শ্রমজীবী মানুষ আশান্বিত হয়েছিল। কিন্তু তা না করে পাট, চিনি, বস্ত্র, কাগজ, সার, ইস্পাত ও প্রকৌশলসহ ৪৫টি রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানা বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

সংসদে কোনো আলোচনা ছাড়াই জনগণের মতামত উপেক্ষা করে নেওয়া এ ধরনের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য শুভকর নয় বলে তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শ্রমিকদের জীবনযাত্রার মানের কথা তুলে ধরে ৯ দফা দাবি জানানো হয়।

 

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • ৪৫টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রীয় অর্থে আধুনিকায়ন ও সচল করা।
  • স্থায়ী মজুরি কমিশন গঠন করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং গার্মেন্ট ও নির্মাণসহ সব সেক্টরে মজুরি বোর্ড গঠন।
  • শ্রমিক ও কর্মচারীদের জন্য রেশনিং ব্যবস্থা, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
  • বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনা।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি এবং লাভজনক চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্ত বাতিল করা।
  • কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ।
  • সমকাজে সমমজুরি প্রদান এবং ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি আইনগতভাবে নিশ্চিত করা।
  • সমাজ থেকে খুন, ধর্ষণ, মব সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা।
  •  

টিইউসির দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সমাবেশে টিইউসির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মুর্শিকুল ইসলাম শিমুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...