ঢাকা: দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও শিল্প শ্রমিকরা এখনও সরকারের নীতিনির্ধারণে চরমভাবে উপেক্ষিত বলে অভিযোগ করেছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ্যাডভোকেট মন্টু ঘোষ। প্রস্তাবিত বাজেট ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকারও শ্রমিকদের মৌলিক চাহিদা ও নিরাপত্তার বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি।
২১ জুন রোববার সিপিডি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় মন্টু ঘোষ বলেন, শিল্প ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকরা নিরলস পরিশ্রম করলেও তাদের জন্য আলাদা কোনো রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করলেও শ্রমিকদের জন্য বিশেষ ‘শ্রমিক কার্ড’ চালুর কোনো উদ্যোগ নেয়নি, যা শ্রমিকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতাকেই প্রশ্নবিদ্ধ করে।
প্রযুক্তির পরিবর্তনের খতিয়ান তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, দেশে বিপুল সংখ্যক নারী শ্রমিক কাজ করলেও বর্তমানে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে অনেক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। অথচ বাজেটে এসব শ্রমিকের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের জন্য কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারের বিভিন্ন পর্যায়ে শ্রমিকবান্ধব বক্তব্য দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। রাজপথে অনেকেই শ্রমিকদের অধিকারের কথা বলেন, কিন্তু দায়িত্বশীল পদে যাওয়ার পর তারা দাবি-দাওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুলে যান।"
শ্রমিকদের সুরক্ষায় তিনি জরুরি ভিত্তিতে কিছু দাবি উত্থাপন করেন:
রেশনিং ব্যবস্থা: শ্রমিকদের জন্য অন্তত ১ হাজার টাকায় ভর্তুকিমূল্যে খাদ্য সহায়তা বা রেশন কর্মসূচি চালু করতে হবে।
আবাসন সংকট: দীর্ঘদিন ধরে উত্থাপিত শ্রমিক ডরমিটরি নির্মাণের দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
জাতীয় সুরক্ষা স্কিম: কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ও সুরক্ষার জন্য বিদ্যমান পাইলট স্কিমকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা জরুরি।
মন্টু ঘোষ আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারখানায় ব্যাপক শ্রমিক ছাঁটাই উদ্বেগজনক আকার ধারণ করেছে। গার্মেন্ট শিল্পে মালিক ও ব্যবসায়ীদের মুনাফা ক্রমাগত বাড়লেও শ্রমিকরা প্রতিনিয়ত বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। এই বৈষম্য দূর করতে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আসন্ন মজুরি বোর্ডে একটি গ্রহণযোগ্য ও ন্যায্য মজুরি ঘোষণা করার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।
এ্যাডভোকেট মন্টু ঘোষ, সভাপতি, গার্মন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র