• আপডেট টাইম : 22/06/2026 03:24 PM
  • 88 বার পঠিত
  • তাহমিনা
  • sramikawaz.com

দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও শিল্প শ্রমিকরা এখনও সরকারের নীতিনির্ধারণে উপেক্ষিত বলে অভিযোগ করেছেন শ্রমিক নেত্রী তাহমিনা। তিনি বলেন, বিগত সরকারের মতো বর্তমান সরকারও শ্রমিকদের মৌলিক চাহিদা ও নিরাপত্তার বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি।

তাহমিনা বলেন, শিল্প ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকরা নিরলস পরিশ্রম করলেও তাদের জন্য আলাদা কোনো সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করলেও শ্রমিক কার্ড চালুর উদ্যোগ নেয়নি। এতে শ্রমিকদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক নারী শ্রমিক কাজ করছেন। কিন্তু অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে অনেক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। এসব শ্রমিকের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের জন্য বাজেটে কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি।

সরকারের বিভিন্ন পর্যায়ে শ্রমিকবান্ধব বক্তব্য দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাহমিনা বলেন, রাজপথে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও দায়িত্বশীল পদে যাওয়ার পর অনেকেই শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি ভুলে যান।

তিনি শ্রমিকদের জন্য ভর্তুকিমূল্যে খাদ্য সহায়তা চালুর দাবি জানিয়ে বলেন, অন্তত এক হাজার টাকায় খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা প্রয়োজন। পাশাপাশি দীর্ঘদিন ধরে উত্থাপিত শ্রমিক ডরমিটরি নির্মাণের দাবিও এখনও বাস্তবায়ন হয়নি।

তাহমিনা আরও বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ও সুরক্ষার জন্য বিদ্যমান স্কিমকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা জরুরি। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারখানায় ব্যাপক শ্রমিক ছাঁটাই উদ্বেগজনক আকার ধারণ করেছে।

তিনি বলেন, গার্মেন্ট শিল্পে ব্যবসায়ীদের মুনাফা বাড়লেও শ্রমিকরা প্রতিনিয়ত বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আসন্ন মজুরি বোর্ডে একটি গ্রহণযোগ্য ও ন্যায্য মজুরি ঘোষণা করার আহ্বান জানান তিনি।

তাহমিনা : সাধারণ সম্পাদক, পোশাক শ্রমিক ফেডারেশন।

২১ জুন গুলশানে সিপিডির অনুষ্ঠানে পোস্ট বাজেট এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহামুদ চৌধুরী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মন্টু ঘোষ, বিজিএমইএ-এর সহসভাপতি এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...