• আপডেট টাইম : 22/09/2026 04:23 PM
  • 65 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

ঢাকা: সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত প্রীটি গ্রুপের ‘এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি.’-এ মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রত তদন্তের মাধ্যমে বিচার, আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।

আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এক প্রতিবাদ শ্রমিক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে জবাবদিহিতার আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তারা।

বিশিষ্ট শ্রমিক নেতা এবং গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন, সদস্য শামীমা আক্তার, তপন শাহা, সালেহা ইসলাম সান্তনা, ইসমাইল হোসেন ঠান্ডু, আবু কালাম, লাভলী ইয়াসমিন, নাহিদুল ইসলাম নয়ন ও আব্দুল্লাহ বাছিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...