সরকারি সড়ক নির্মাণের অনিয়মের তথ্য সংগ্রহকালে বেসরকারি বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় কুমারখালী পৌরসভার এলংগী এলাকা থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সর্বস্তরের জনগণ অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানার কাছে হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম শোভন, চাচাতো ভাই আনোয়ারসহ তাদের সহযোগীরা নিম্নমানের সামগ্রী দিয়ে সরকারি সড়ক নির্মাণের কাজ করছিল। সাংবাদিক উল্লাস সেই অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
স্মারকলিপি গ্রহণ শেষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই কাজ বন্ধ করা হয়েছিল। তবুও নির্দেশনা অমান্য করে কাজ চলমানের সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
গত শনিবার দুপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়ে আহত সাংবাদিক উল্লাস কুষ্টিয়া-৪ আসনের এমপি আফজাল হোসেনের ছেলে, ভাই, পিএসসহ ১১ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেছেন। দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান বিক্ষোভকারীরা।
এ জাতীয় আরো খবর..