• আপডেট টাইম : 04/11/2026 12:02 AM
  • 34 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
ইতালিতে বার্ষিক কর্মী নিয়োগের কোটা পদ্ধতির বাইরে বাংলাদেশিদের বৈধভাবে কাজের সুযোগ তৈরি হয়েছে। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর ধারার (আর্টিকেল ২৩) আওতায় নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করা দক্ষ কর্মীরা এ সুযোগ পাবেন।
 
৩ নভেম্বর মঙ্গলবার ঢাকার একটি হোটেলে ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে ইতালিতে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন।
 
তাদের মধ্যে ৮০ হাজারের ওয়ার্ক পারমিট রয়েছে।
আর্টিকেল ২৩ অনুযায়ী, ইতালির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করলে বার্ষিক ‘ডেক্রেতো ফ্লুসি’ কোটা ছাড়াই ইতালিতে প্রবেশের সুযোগ মিলবে।
 
প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক শিক্ষা এবং সংশ্লিষ্ট পেশার দক্ষতা অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশেই বিনা খরচে এ প্রশিক্ষণ নেওয়া যাবে।
আবেদনের জন্য নির্দিষ্ট কোনো ‘ক্লিক ডে’ নেই।
সেমিনারে জানানো হয়, ডেক্রেতো ফ্লুসি কর্মসূচির আওতায় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি কর্মী নেবে ইতালি।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দক্ষ কর্মীদের ইতালি যাওয়ার ক্ষেত্রে সরকার বোয়েসেলসহ সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা করবে। কর্মীদের বিদেশ যাওয়ার আগে প্রবাসী কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
 
তিনি বলেন, বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়াতে ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
 
সেমিনারে দালালের মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, ইতালির ভিসা ফি ৫০ থেকে ১১৬ ইউরো এবং ভিএফএস ফি ৩৮ ইউরো। অথচ দালালরা একই ভিসার জন্য ১০ থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত দাবি করছে। আর্টিকেল ২৩-এর প্রশিক্ষণ কর্মসূচিতে কর্মীদের কোনো খরচ নেই।
 
অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের উপপ্রতিনিধিদলের প্রধান বাইবা জারিনা, ইতালি দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...