"বিগত ১৫ বছরে যা দেখেছি, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখছি"— এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা।
১৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সমালোচনা করে আমির হামজা অভিযোগ করেন, গত ১৩ সেপ্টেম্বর সারের ডিলার নিয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও এ সংক্রান্ত আলোচনায় নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে পরাজিত প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ডাকা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের লোকজন ছাড়া অন্য কেউ যাতে ডিলারশিপ না পান, সে লক্ষ্যেই এমন আলোচনা করা হয়েছে।
এ সময় আমির হামজা বলেন, "আপনারা কি আবার ৫ আগস্ট দেখতে চান? এমন স্বৈরাচারী আচরণ করলে কিন্তু ৫ আগস্ট আবার ফিরে আসবে। মানুষ এখন আর মান্ধাতা আমলের মতো অসচেতন নয়; তারা অনেক বেশি সচেতন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।" ভবিষ্যতে এসব অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে অবহিত করা হবে বলেও তিনি জানান।
বক্তব্যে চাঁদাবাজির প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ চক্রান্ত করে দেশে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "তাদের যদি ফিরিয়ে আনেন, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন।"
গত আড়াই বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউকে কোনো মিথ্যা মামলা বা হয়রানি করা হয়নি দাবি করে তিনি বলেন, "যারা মামলা বাণিজ্য করেছে, ভবিষ্যতে তারাই বিপদে পড়বে।" অতীতে দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতনের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, "এতদিন আমাদের ওপর যারা জুলুম-অত্যাচার চালিয়েছে, তারা এখন তার ফল টের পাচ্ছে।"
হাদিসের দৃষ্টান্ত টেনে মুফতি আমির হামজা বলেন, "আল্লাহ তাআলা মহানবী (সা.)-কে সর্বোচ্চভাবে সাহায্য করেছিলেন এবং মক্কা বিজয় দান করেছিলেন। ইনশাআল্লাহ, আমাদের ক্ষেত্রেও একদিন চরম সত্যের বিজয় আসবে।"
দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলার সাবেক সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা সাহিত্য সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুল আমিন জসিম, দৌলতপুর উপজেলা নায়েবে আমীর আরজুল্লাহ, সেক্রেটারি ড. আবদুল্লাহ আল নোমান, সহকারী সেক্রেটারি আহসান হাবিব বুলবুল, সাবেক সভাপতি এনামুল হক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিন।
এ ছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর রোকন, সদস্য ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।