কুষ্টিয়া শহরে ১০ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আসায় সরদার (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বর্তমানে সে পুলিশি পাহারায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য একই হাসপাতালে নেওয়া হয়েছে।
৭ জুন রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চরমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চরমিলপাড়া এলাকায় বাড়ির পাশে বান্ধবীর সাথে খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে আসায় সরদার শিশু দুটিকে ফুসলিয়ে পাশের একটি স্কুলে নিয়ে যায়। ধর্ষণের অভিযোগ ওঠা শিশুটিকে একটি কক্ষে আটকিয়ে রেখে অপর শিশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
পরে ওই শিশুটি দৌড়ে বাড়ি এসে বিষয়টি সবাইকে জানিয়ে দেয়। শিশুটির পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন ওই স্কুলে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসেন। পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত আসায় সরদারকে বেধড়ক মারধর করে বিদ্যুতের লাইনের খুটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নেয়।
নির্যাতিত শিশুটির মা ও বাবা এ ঘটনায় অভিযুক্ত আসায় সরদারের ফাঁসির দাবি করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।
অন্যদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির পরিবার মামলা করলে এ ব্যাপারে বাকি আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।