• আপডেট টাইম : 14/05/2026 05:28 PM
  • 58 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, কুষ্টিয়া সদর
  • sramikawaz.com

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাঁস এলাকায় সড়কের আইল্যান্ডে বড় আকারের গাছ লাগানোর কারণে যানবাহনের চালকদের ইউটার্ন নিতে সমস্যায় পড়তে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও চালকরা।

স্থানীয়রা জানান, সড়কের সৌন্দর্যবর্ধনের জন্য আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে যাওয়ায় এখন ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন স্পষ্ট দেখা যায় না। ফলে ব্যস্ত সময়ে এবং রাতের বেলায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

সড়কের পাশের দোকানদার দুলাল মিয়া বলেন, “গাছগুলো এত বড় হয়ে গেছে যে ইউটার্ন নিতে গেলে অন্য পাশের গাড়ি দেখা যায় না। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশার চালকদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।”

ব্যক্তিগত গাড়িচালক মো. শুভ ইসলাম বলেন, “গাছের কারণে রাস্তার দৃশ্য আড়াল হয়ে যায়। এতে হঠাৎ করেই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।”

চালকরা জানান, অনেক সময় দ্রুতগতির যানবাহন সামনে চলে আসলেও আগেভাগে বোঝা যায় না। এতে চালকদের হঠাৎ ব্রেক করতে হয়, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, দুর্ঘটনা এড়াতে নিয়মিত গাছ ছাঁটাই করা এবং ইউটার্নের জায়গাগুলো খোলা রাখা জরুরি। পাশাপাশি সড়কে সতর্কতামূলক সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...