গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বনির্ধারিত তৃতীয় সভা অনুষ্ঠিত না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। একই সঙ্গে সংগঠনটি দ্রুত মজুরি বোর্ডের সভা পুনরায় আহ্বানের দাবি জানিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে পোশাকশিল্পে যে শ্রম অসন্তোষ ও অস্থিরতা বিরাজ করছে, সেই পরিস্থিতিতে নিম্নতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত সভা স্থগিত হওয়া শ্রমিকদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ন্যায্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ মজুরির প্রত্যাশায় থাকা শ্রমিকদের কাছে এ ধরনের সিদ্ধান্ত নেতিবাচক বার্তা পৌঁছে দেবে। সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে জানায়, এতে শিল্পাঞ্চলে চলমান অসন্তোষ আরও জটিল আকার ধারণ করতে পারে।
জি-স্কপ মনে করে, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সংবেদনশীল। এ প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা, কালক্ষেপণ কিংবা দায়িত্বহীন সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের আর অপেক্ষায় রাখার সুযোগ নেই। শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা, বাজারদর ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য নিম্নতম মজুরি নির্ধারণ করতে হবে।
জি-স্কপ অবিলম্বে স্থগিত সভার নতুন তারিখ ঘোষণা, মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং একই সঙ্গে জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিম্নতম মজুরি নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করছে।
সংগঠনটি সরকার, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে বর্তমান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।