গার্মেন্ট শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক হত্যা, নেতাকর্মীদের গ্রেফতার এবং দমন-পীড়নের ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স (AFWA) বাংলাদেশ জাতীয় কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।
এক বিবৃতিতে তিনি অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করে আগামী ডিসেম্বর (২০২৬) থেকে পুনর্নির্ধারিত ন্যায্য ও জীবনধারণযোগ্য মজুরি কার্যকর করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কাজী রুহুল আমিন অভিযোগ করেন, ন্যায্য মজুরি বৃদ্ধির আন্দোলন দমন করতে আন্দোলনকারী শ্রমিক তৌফিক শেখকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি AFWA কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল ও AFWA বাংলাদেশ নারী কমিটির সাবেক সভাপতি রোজিনা আক্তার সুমিসহ অর্ধশতাধিক শ্রমিক ও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনে দফায় দফায় হামলা, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখানোর পরিবর্তে তাদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন চালানো কার্যত শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। উৎপাদন ও জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রমিকদের বঞ্চিত ও দমন-পীড়নের মধ্যে রেখে কোনো গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
বিদ্যমান শ্রম আইনের ধারা ১৩৯(৬) অনুযায়ী যথাসময়ে মজুরি বোর্ড গঠন না করা এবং মালিকপক্ষের উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। এ অবস্থায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে গঠিত মজুরি বোর্ড করা হয়েছে। তিনি ২০২৬ সালের ডিসেম্বর থেকে পুনর্নির্ধারিত ন্যায্য ও জীবনধারণযোগ্য মজুরি কার্যকর করার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
একই সঙ্গে শ্রমিক হত্যা, হামলা, মামলা, গ্রেফতার ও সব ধরনের দমন-পীড়ন বন্ধ করে শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার নিশ্চিত করার দাবি জানান কাজী রুহুল আমিন। অন্যথায় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কঠোর ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।