অবিলম্বে ২৬০ ডলার বা ৩২ হাজার টাকা মজুরি ঘোষণা এবং গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা বন্ধসহ ৭ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)।
১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় 'গার্মেন্টস শ্রমিক মজুরী ও শিল্প সংহতি র্যালী' অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. কবির হোসেন, জেসমিন বেগম, আলেয়া বেগম, রবিউল চৌধুরী, মো. রিয়াদ হোসেন, মো. সবুজ, রহিদুল ইসলাম ও মিসেস মনিরা মুন্নিসহ অন্যরা।
শ্রমিকদের শ্রমের ওপর দাঁড়িয়ে শিল্প
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশিল্প আজ গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। শ্রমিকদের শ্রম, ঘাম ও নিরলস পরিশ্রমের ওপর ভর করেই এই শিল্প আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রেখেছে। অথচ জীবনযাত্রার ব্যয় ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রশ্নটি আজও উপেক্ষিত।
বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা, একজন শ্রমিক নিহত
বক্তারা জানান, ন্যায্য মজুরির দাবিকে কেন্দ্র করে ইতোমধ্যে গাজীপুর, আশুলিয়া ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এই সংঘাতে একজন শ্রমিক নিহত এবং অসংখ্য শ্রমিক আহত হয়েছেন। বক্তারা বলেন, শ্রমিকের জীবনহানি শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, পুরো শ্রমজীবী সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের।
'মজুরি শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়'
তাঁদের মতে, শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং বর্তমান মজুরিতে পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকার কঠিন বাস্তবতা থেকেই এই অসন্তোষের জন্ম। তাই মজুরির দাবিকে কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা বা আন্দোলন দমনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কোনোভাবেই স্থায়ী সমাধান হতে পারে না।
বক্তারা সরকারের উদ্দেশে বলেন, এই সংকটময় মুহূর্তে শ্রমিক, মালিক, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কার্যকর উদ্যোগ নিয়ে অবিলম্বে একটি বাস্তবসম্মত ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো নির্ধারণ ও ঘোষণা করা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তার বদলে শ্রমিক ও নেতাদের ওপর হামলা, ভয়ভীতি, হয়রানি, মামলা ও নির্বিচারে গ্রেফতার পরিস্থিতিকে আরও জটিল করছে। তাঁরা সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ শ্রমিকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও অবিশ্বাস বাড়াবে এবং শিল্পের উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংযমের আহ্বান
বক্তারা আরও বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সব পক্ষকে সংযম দেখিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
ফেডারেশনের ৭ দফা দাবি
গার্মেন্টস শিল্পের এই অচল অবস্থার অবসানে এনজিডব্লিউএফ নিচের ৭ দফা দাবি তুলে ধরেছে:
১. অবিলম্বে ২৬০ ডলার মজুরি ঘোষণা করতে হবে।
২. নিহত শ্রমিকের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে।
৩. আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪. গ্রেফতারকৃতদের মধ্যে ফেডারেশনের কোনাবাড়ী থানা কমিটির সভাপতি রাজু আহম্মেদ ও আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ সব নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৫. হামলা-মামলা-হয়রানি বন্ধ করতে হবে।
৬. ভাঙচুর-জ্বালাও-পোড়াও-অবরোধ বন্ধ করতে হবে।
৭. গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে বায়ারদের এগিয়ে আসতে হবে।