• আপডেট টাইম : 10/11/2026 11:59 PM
  • 2 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

শ্রমিকদের ওপর হামলা, মামলা, দমন-পীড়ন বন্ধ করো; ডিসেম্বর মাস থেকে বেতন বৃদ্ধি নিশ্চিত করো এবং তৈরি পোশাক শিল্পে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করো

— গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন এক যৌথ বিবৃতিতে গার্মেন্ট শিল্পখাতে হেলপারের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার ন্যায্য দাবি বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মজুরি পুনর্নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু মালিকদের নানা রকম উসকানিমূলক বক্তব্য শ্রমিকদের মধ্যে সন্দেহ ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে ‘ব্ল্যাকলিস্টিং’, লক্ষ্যমাত্রার নামে বিনা মজুরিতে খাটানো, গ্রেড কারচুপি, বেআইনিভাবে চাকরিচ্যুতি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং আইনানুগ পাওনা পরিশোধ না করার পাশাপাশি আইনের নানা ধারার অপব্যবহার—বিশেষ করে সুষ্ঠু ধারার ট্রেড ইউনিয়ন করতে না দেওয়ার পুঞ্জীভূত ক্ষোভের কারণে শ্রমিকদের মধ্যে সন্দেহ ও আস্থাহীনতা বৃদ্ধি পেয়েছে।

এমতাবস্থায় শ্রমিক, শিল্প ও জাতীয় স্বার্থ বিবেচনায় আশু করণীয়:

১. চলতি বছর (২০২৬)-এর ডিসেম্বর মাসের মধ্যে মজুরি বৃদ্ধি এবং জানুয়ারি ২০২৭ থেকে বর্ধিত মজুরি প্রদান নিশ্চিত করা।

২. শ্রমিকদের ওপর হামলা, মামলা, দমন-পীড়ন ও গ্রেপ্তার বন্ধ করা।

৩. গ্রেপ্তারকৃত শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি দেওয়া এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা।

৪. প্রতিটি কারখানায় আলোচনার মাধ্যমে বহিরাগত হামলাকারীদের হাত থেকে শ্রমিক ও শিল্পকে রক্ষার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা।

৫. দীর্ঘদিন ধরে চলমান নানাবিধ অত্যাচার ও বঞ্চনা বন্ধ করে ন্যায়সংগত ও আইনানুগ অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা।

উপর্যুক্ত সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...