• আপডেট টাইম : 13/11/2026 10:20 PM
  • 40 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) ৮ম ঢাকা মহানগর সম্মেলনে ইদ্রিস আলী সভাপতি এবং মুর্শিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ নভেম্বরশুক্রবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অবিলম্বে স্থায়ী মজুরি কমিশন গঠন এবং ব্যক্তিমালিকানা নির্বিশেষে সকল সেক্টরের শ্রমিকদের জন্য মানবিক জীবনযাপন উপযোগী জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়।

সম্মেলন উদ্বোধন করেন টিইউসির কেন্দ্রীয় সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শ্রমিকনেতা মাহবুব আলম।

ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন টিইউসির কেন্দ্রীয় যুগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল, মহানগর নেতা সেকেন্দার হায়াত, মো. শরীফ মিয়া, নুরুল ইসলাম বাবুল, জাহানারা বেগম, গৃহ শ্রমিকনেতা হুমায়রা বেগম, লাকী আক্তার, যুব শ্রমিকনেতা দীপক শীল প্রমুখ।
টিইউসি

সম্মেলনে বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মেহনতি মানুষের জীবনে বিদ্যমান সংকট ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার ফলে গ্রাম-শহরের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও তাদের পরিবার ন্যূনতম জীবনধারণ করতে পারছে না। পে-স্কেলের মাধ্যমে সরকারি আমলা, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হলেও দেশের উৎপাদন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক-কর্মচারীদের জীবনযাপনোপযোগী মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই।
বক্তারা বলেন, অতীতের সরকারের মতোই এই একপাক্ষিক নীতির ফলে একদিকে যেমন বৈষম্য বাড়ছে, অন্যদিকে একই বাজারের ভোক্তা শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে খেয়েপরে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে স্থায়ী মজুরি কমিশন গঠন, এবং গার্মেন্ট ও নির্মাণসহ যে-সব সেক্টরে মজুরি বোর্ডের মেয়াদ তিন বছর অতিক্রম করেছে, সেসব সেক্টরে মজুরি বোর্ড গঠন ও জীবনযাপন উপযোগী মজুরি নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

সম্মেলনে ইদ্রিস আলীকে সভাপতি ও মুর্শিকুল ইসলাম শিমুলকে সাধারণ সম্পাদকসহ ২৬ সদস্যবিশিষ্ট টিইউসির ঢাকা মহানগর কমিটি নির্বাচিত হয়। কমিটিত সহ সভাপতি হিসেবে ফেকুলাল ঘোষ কমল, খায়রুল মামুন মিন্টু, কার্তিক চক্রবর্তী, শেখ আকরাম হোসেন, জালাল আহমেদ, জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সেকেন্দার হায়াৎ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিসমূহ

১. অবিলম্বে স্থায়ী মজুরি কমিশন গঠন এবং পে-স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে মানবিক জীবনযাপন উপযোগী জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। সকল সেক্টরে মজুরি বোর্ড গঠন ও বাজার দরের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরি নিশ্চিত করতে হবে।

২. দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের জন্য রেশন, আবাসন, শিক্ষা ও চিকিৎসাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৩. বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য-তেল-গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে।

৪. শ্রমিক হত্যার বিচার, ছাঁটাই-নির্যাতন-দমন-পীড়ন বন্ধ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫. শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও আইনানুগ পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে।

৬. সমকাজে সমমজুরি এবং পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসন করতে হবে। আইন করে ৬ মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি প্রদান করতে হবে।

৭. দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করলে বা অবসরের পর শ্রমিকেরা যেন নিঃস্ব হয়ে না পড়েন, সে জন্য 'সার্বজনীন পেনশন স্কিম'-এর আওতায় শ্রমিকদের জন্য বিশেষ ভর্তুকিযুক্ত তহবিল গঠন করতে হবে। পাশাপাশি প্রতিটি শ্রমিকের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য ও সামাজিক বীমা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...