সিনিয়র করেসপন্ডেন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আগুনের সূত্রপাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণা, বিরোধীদলীয় সংসদ সদস্যদের পাল্টা হামলার অভিযোগ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভিন্ন পর্যবেক্ষণে আগুনের ঘটনা ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল ও নানা প্রশ্ন। গঠিত হয়েছে তদন্ত কমিটি। চার সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো তদন্ত কার্যক্রম চালিয়েছে। সরকার ও বিরোধী পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ছাপিয়ে সবার নজর এখন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের দিকে।
১৪ নভেম্বর শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও ব্যবহৃত মালামাল পুড়ে যাওয়ায় আগুনের ক্ষত স্পষ্ট থাকায় তদন্ত কমিটির সদস্যবৃন্দ তা ঘুরে ঘুরে দেখেন ও পর্যবেক্ষণ করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সেই সময়সীমার শেষ দিন। তদন্ত কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী উঠে আসে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ও ভুক্তভোগীরা।
এদিকে, আগুনের ঘটনাটি নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রলবোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাঁরা ঘটনাটিকে পরিকল্পিত হামলার অভিযোগের আলোকে গুরুত্বসহকারে তদন্তের দাবি জানান।
অপরদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণার সঙ্গে একমত নয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণ। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর প্রাগপুর জোনের আওতাধীন হওয়ায় ওই জোনের এজিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগা বা আগুনের উৎপত্তির কোনো সম্ভাবনা দেখছি না।
পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, অপারেশন) মো. তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে। তাঁর দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব আলামত অক্ষত থাকায় তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যান ১১ দলীয় জোটের বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িটি ঘুরে দেখার পর তাঁরা সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আসামি গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
আগুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।
তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশনমাস্টার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে বৈঠক করছেন। আগামীকাল ১৫ নভেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের স্বার্থে এর বাইরে আপাতত আর কিছু বলা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
তদন্ত কমিটির আরেক সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামীকাল ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে। তদন্তের অগ্রগতি নিয়ে এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত মধ্যরাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। আগুনের এ ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।