• আপডেট টাইম : 13/11/2026 12:09 PM
  • 15 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপির যুগ্মসম্পাদক নুসরাত তাবাসসুম এর বাড়িতে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে মামলায় এজাহার নামীয় আসামিদের নাম প্রকাশ করতে চাননি তিনি। আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ ও নুসরাত তাবাসসুম এর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার দিন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন।

দৌলতপুরের বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে বাবা আব্দুল হালিম (টম মাষ্টার), মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর ৩টি বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আগুনে তাঁর (সংসদ সদস্য নুসরাত তাবাসসুম) বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র,প্রয়োজনীয় যন্ত্রপাতি ভস্মীভ‚ত হয়েছে। গোয়ালে থাকা ৩টি ছাগল পুড়ে মারা গেছে। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার
দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে গবাদি পশু মারা যায়।

এ ঘটনায় নুসরাত তাবাসসুমের পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...