• আপডেট টাইম : 13/11/2026 01:06 PM
  • 52 বার পঠিত
এমপি নুসরাতের বাড়িতে আগুন: হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

মামলায় ৮ নেতার নামোল্লেখ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।


পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ জানায়, এজাহারে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারটি নথিভুক্ত হয়েছে।”

এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমদের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে।


পরে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা হামলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ বাড়িটিতে আগুন লাগিয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...