টানা কয়েক দিনের উত্তেজনা ও আন্দোলনের পর আবারও কর্মচঞ্চল পরিবেশে ফিরেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিন আন্দোলনের পর সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দিয়েছেন শ্রমিকরা।
৮ নভেম্বর, রবিবার সকালে আশুলিয়া ও সাভারের বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দ্য রোজ, এন বয়, নিট এশিয়া এবং এস২১-সহ গুটিকয়েক কারখানায় এদিন কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ।
সাভার ও আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সঙ্গে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।