• আপডেট টাইম : 03/11/2026 11:21 AM
  • 88 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , আশুলিয়া
  • sramikawaz.com

নূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর মঙ্গলবার আবারো উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে তৈরি পোশাক শিল্প এলাকার শ্রমিকরা স্বাভাবিক দিনের মতোই নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। তবে সকালের দিকে নিশ্চিন্তপুর এলাকার 'নিউএজ' পোশাক কারখানাসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা উৎপাদনের কাজে অংশ না নিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন এবং কর্মবিরতি শুরু করেন।

পরবর্তীতে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনন্ত, ট্রাউজার লাইন, হনরোল, আলমুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ এবং বেঙ্গল গ্রুপসহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণার পর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে অন্যান্য কারখানার সামনে জড়ো হন এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা হা-মীম গ্রুপ ও নিউএজ গ্রুপের কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর এলাকাটিতে কিছু সময়ের জন্য থেমে থেমে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাসমূহের নিরাপত্তা নিশ্চিতে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সতর্ক অবস্থানে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...