• আপডেট টাইম : 13/10/2026 10:31 PM
  • 33 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
১৩ অক্টোবর  মঙ্গলবার দুপুরে তিনি কমপ্লেক্সটি পরিদর্শন করেন।
 
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
 
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে কথা বলেন মন্ত্রী।
 
 
তিনি জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। একইসঙ্গে প্রবাসীদের সতর্ক থাকার এবং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
 
বিদেশে কর্মী পাঠানোর নামে চলমান প্রতারণা রোধে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
 
তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।
 
এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা চিরতরে বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি অবৈধভাবে বিদেশে শ্রমিক পাঠানোর কাজ করছে, যা তাদের এখতিয়ারভুক্ত নয়। এ খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি প্রক্রিয়াকে অনলাইন ব্যবস্থার আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে প্রবাসীকল্যাণ খাতের এই সংস্কারে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...