সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাসের বকেয়া বেতন চাওয়ায় এক বৃদ্ধা গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ফেরদৌস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শাহ মখদুম ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
মারধরের শিকার গৃহকর্মী ফেরদৌসী বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। ফেরদৌস নামে ওই শিক্ষার্থীর কাছে তার আগস্ট মাসের বেতন পাওনা ছিল।
চলতি মাসের ১১ তারিখে তা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা দেননি তিনি। মঙ্গলবার সকালে টাকা চাইতে গেলে ওই শিক্ষার্থীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থী তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধা ফেরদৌসী বেগমকে লাঠি দিয়ে আঘাত করা এবং তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করে ওই শিক্ষার্থী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে শত শত মানুষ সড়ক অবরোধ করে শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রাবাসের রাঁধুনির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..