• আপডেট টাইম : 09/09/2026 01:18 PM
  • 36 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com
ময়মনসিংহের ধোবাউড়ায় বাজারে যাওয়ার পর নিখোঁজ নজরুল ইসলাম (৪৫) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ ধানখেতের আইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গামারিতলা ইউনিয়নের উত্তর লাঙ্গলজোড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত নজরুল ইসলাম দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নজরুল ইসলাম স্থানীয় হোসেন বাজারে যান। সাধারণত রাত ৯টার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন রাত ১১টা পেরিয়ে গেলেও তিনি ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
 
একপর্যায়ে রাত আড়াইটার দিকে উত্তর লাঙ্গলজোড়া গ্রামের একটি ধানখেতের আইলে নজরুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
 
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার পেছনে রক্তের দাগ থাকলেও বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলেও জানা যায়নি।
 
ঘটনায় সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...