• আপডেট টাইম : 28/11/2026 09:33 PM
  • 135 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

 দেশের টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের প্রাক-প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। মেয়াদ শেষ হওয়ার আগেই সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে শিগগিরই এই নতুন কাঠামো চূড়ান্ত করা হবে। একই সাথে, মজুরি বৃদ্ধির দাবিতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি না করে উৎপাদন অব্যাহত রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

২৮ নভেম্বর শনিবার বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও অর্থনীতিতে তৈরি পোশাক ও প্রাথমিক বস্ত্রশিল্প একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। তাই পোশাক খাতের পাশাপাশি বস্ত্রখাতের শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে বিটিএমএ ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সাথে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ রক্ষা করে চলেছে। উল্লেখ্য, টেক্সটাইল শিল্পের সর্বশেষ মজুরি কাঠামো ২০২৪ সালে ঘোষিত হয়েছিল, যার মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে। তবে বিটিএমএ নির্ধারিত সময়ের আগেই নতুন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করতে দৃঢ় প্রত্যয়ী।

কারখানায় চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মজুরির দাবিতে টেক্সটাইল খাতের কিছু কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে। সাম্প্রতিক এই অরাজকতার কারণে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিপুল পরিমাণ ক্রয়াদেশ (অর্ডার) অন্য দেশে স্থানান্তরিত হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। দেশের প্রধান রপ্তানি খাতে এমন অস্থিরতা সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর।

যে দাবির বিষয়ে সরকার ও মালিকপক্ষ ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, তা নিয়ে উৎপাদন ব্যাহত করাকে 'আত্মঘাতী' উল্লেখ করে বিটিএমএ সকল শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষ ও অংশীজনকে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ জানিয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করে যে, আসন্ন নতুন মজুরি কাঠামো শ্রমিকবান্ধব এবং সকলের নিকট গ্রহণযোগ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...