• আপডেট টাইম : 26/11/2026 12:04 AM
  • 50 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য যে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণা করেছে, তা শ্রমিক স্বার্থবিরোধী এবং শিল্পবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় গার্মন্টস শ্রমিক ফোরামের সভাপতি মোশরেফা মিশু।

তিনি বলেন,গত ১২ অক্টোবর থেকে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা প্রথমে উত্তরায় মাঠে নামেন। এরপর সেই দাবি সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ সারাদেশের শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা ব্যাপক আন্দোলনে নামেন। পরে মজুরি বোর্ড গঠিত হলে শ্রমিকদের বোঝানো হয়েছিল যে বোর্ড তাদের দাবি যৌক্তিকভাবে বিবেচনা করবে। কিন্তু অতীত অভিজ্ঞতার কারণে মালিকপক্ষের সক্ষমতা না থাকার বক্তব্যে শ্রমিকদের মধ্যে অনাস্থা ও ক্ষোভ ছিল এবং যৌক্তিক বিবেচনার কোনো আশ্বাস না পাওয়ায় তারা ঘরে ফেরেননি।

তিনি অভিযোগ করেন, আইন অনুযায়ী দ্রব্যমূল্য, বাড়িভাড়া, গ্যাস-বিদ্যুতের বিল এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের কথা থাকলেও মজুরি বোর্ডের চেয়ারম্যান, বিশেষজ্ঞ, মালিক ও শ্রমিক পক্ষ সেই বিবেচনা করেনি। ১৭ হাজার টাকা ঘোষণা করাকে শ্রমিকদের প্রতি নিষ্ঠুর তামাশা, বিশ্বাসঘাতকতা ও চরম নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তিনি বলেন, এটি শেষ পর্যন্ত শিল্পের জন্যও ক্ষতিকর হবে।

মোশরেফা মিশু বলেন, পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন শ্রমিকের কার্যক্ষমতা ঠিক রাখতে দৈনিক অন্তত ৩ হাজার কিলোক্যালরি শক্তির প্রয়োজন। কিন্তু এই মজুরির প্রায় অর্ধেকই বাড়িভাড়ায় চলে যাবে; বাকি টাকায় খাবার ও চার সদস্যের পরিবার চালানো সম্ভব নয়। তাই তারা এই মজুরি প্রস্তাব চরমভাবে প্রত্যাখ্যান করছেন।

সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সরকার গঠনে শ্রমিকদের অবদান বিবেচনায় নেবেন। মজুরি বোর্ডের প্রস্তাব স্থগিত করে শ্রমিকদের দাবির অনুরূপ মজুরি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ৩০ হাজার টাকার কম মজুরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং ঢাকাসহ সারাদেশের গার্মেন্টস শিল্পাঞ্চলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান মোশরেফা মিশু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...