• আপডেট টাইম : 20/11/2026 12:38 PM
  • 21 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরদিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

২০ নভেম্বর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় তিনি রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা, মানবিক সংকট ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।

ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় বাস্তবায়নে জাতিসংঘের সব অঙ্গকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আদালতের এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এতে কী করতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এখন সংশ্লিষ্ট সব পক্ষকে রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি শুধু রোহিঙ্গাদের সমস্যা কিংবা বাংলাদেশের একার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গারা অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যাবেন। তাদের প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আরও আসব আপনাদের সামনে ভালো খবর নিয়ে। এ সময় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বক্তব্য দেওয়ার বিষয়টি উল্লেখ করে আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় রোহিঙ্গারা তাদের দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়ন, বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা এবং নাগরিক অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তাদের প্রত্যাশা, আইসিজের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণহত্যার বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিয়ানমারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আইসিজের রায় নতুন আশার সঞ্চার করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের এটিই প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। এ সময় রোহিঙ্গা কমিউনিটি তাকে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...