গার্মেন্ট শ্রমিকদের জন্য মানবিক জীবনযাপন উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণ এবং টেকসই শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন শ্রমিক নেতা, মালিকপক্ষ ও নীতিনির্ধারকরা।
একইসঙ্গে, আগামী ডিসেম্বর মাস থেকে বর্ধিত মজুরি কার্যকর হওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সব শ্রমিককে কারখানায় গিয়ে উৎপাদন কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গার্মেন্ট শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান ও খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. এম. আকাশ প্রণীত ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি চলতি নভেম্বর মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, “গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিকদের চিকিৎসার জন্য সরকার ৬টি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে।” গার্মেন্টস শিল্পসহ শ্রমিকদের সুষ্ঠু ধারার ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক সংগ্রাম অগ্রসর করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “মজুরি বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এখন যত দ্রুত মজুরি ঘোষণা হবে, তা কার্যকর করার ক্ষেত্রে আমরা তত বেশি সময় পাব।” তিনিও নভেম্বর মাসের মধ্যে মজুরি ঘোষণা এবং সব শ্রমিক-কর্মচারীকে কারখানায় ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠকে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের যুগ্ম সমন্বয়কারী আবুল কালাম আজাদ, মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সের সদস্য সচিব সুলতানা বেগম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) যুগ্ম সমন্বয়কারী আছাদুজ্জামান চৌধুরী এবং গার্মেন্টস শ্রমিক পরিষদের সদস্য সচিব নাহিদুল হাসান নয়ন।