• আপডেট টাইম : 20/11/2026 09:41 AM
  • 7 বার পঠিত
  • মো. হাসান আলী
  • sramikawaz.com

খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন খরচ মেটানো ও অল্প করে সঞ্চয়ের জন্য পোশাকশ্রমিকদের মজুরি অন্তত ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ১৮ নভেম্বর বুধবার ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়।

চার সদস্যের একটি পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় নিয়ে সিপিডি ২৪ হাজার ২০৪ টাকা মজুরির প্রস্তাব করেছে।

সিপিডি জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে একই পরিমাণ পণ্য ও সেবা পেতে বর্তমানে শ্রমিকদের ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকায় প্রকৃত অর্থে তাদের জীবনমানে কোনো বাড়তি সুবিধা যোগ হবে না।

সিপিডি বলেছে, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা হওয়া প্রয়োজন। সে অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলোকে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে দর-কষাকষি করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

উচ্চ মূল্যস্ফীতিতে শ্রমিকেরা যখন দিশেহারা হয়ে মজুরি বৃদ্ধির লক্ষ্যে মজুরি বোর্ড গঠন ও বিভিন্ন সংগঠনের যখন ৩০ থেকে ৩৭ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন, তখন মজুরির নামে সিপিডি একটি ধোঁয়াশাচ্ছন্ন প্রস্তাব দিলো। এটি শ্রমিকের জীবনযাত্রার ন্যায্য দাবিকেই অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। এর মাধ্যমে শ্রমিকদের দাবিকে নিম্ন মজুরির বৃত্তেই বেঁধে ফেলা হলো।

এর অব্যবহিত আগে শেষ হওয়া মজুরি বোর্ডে মজুরি নির্ধারণের সময়ও সিপিডি শ্রমিকদের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছিল। ৮ অক্টোবর ২০২৩ তারিখে বাসসে প্রকাশিত সংবাদ অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মাসিক ১৭ হাজার ৫৬৮ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছিল সিপিডি। তখন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার টাকা। সেবার শ্রমিক-মালিক দর-কষাকষি শেষে ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছিল।

এবারও বিভিন্ন দাবিতে আন্দোলনের মধ্যে সিপিডি মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিলো। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সিপিডির এই প্রস্তাব শ্রমিকদের পিঠে ছুরিকাঘাতের (বা পেছন থেকে আঘাতের) শামিল।

প্রশ্ন হচ্ছে, ২০২৩ সালে নির্ধারিত ন্যূনতম মজুরি কি শ্রমিকদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছিল? বাস্তবতা হলো, পারেনি। বরং মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের জীবন আরও কঠিন হয়ে পড়েছিল।

একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন—মজুরি নির্ধারণের লক্ষ্য শুধু শ্রমিককে দারিদ্র্যসীমার সামান্য ওপরে রাখা নয়; বরং শ্রমিক ও তাঁর পরিবারের জন্য মর্যাদাপূর্ণ, মানবিক ও নিরাপদ জীবন নিশ্চিত করা। গার্মেন্টস শ্রমিকেরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের শ্রমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, শিল্পের প্রবৃদ্ধি ঘটে এবং মালিকদের মুনাফা বাড়ে। অথচ সেই শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের প্রশ্নে এত কার্পণ্য কেন?

শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য :
১. শ্রমিকের মজুরি নির্ধারণে বর্তমান বাজারদর, মূল্যস্ফীতি ও প্রকৃত জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে।
২. শুধু দারিদ্র্যসীমার হিসাব দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা যাবে না।
৩. আইএলওর নীতিমালা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের মৌলিক চাহিদা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
৪. মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রস্তাবনা ও বাস্তব জীবনযাত্রার ব্যয়কে যথাযথ গুরুত্ব দিতে হবে।
৫. শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মালিক, সরকার, আন্তর্জাতিক ক্রেতা ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে।

আমরা মনে করি, গবেষণা হওয়া উচিত শ্রমিকের বাস্তব জীবন, অধিকার ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার হাতিয়ার; শ্রমিকের ন্যায্য দাবি খাটো করার যৌক্তিকনয়।

 

সিপিডির প্রস্তাবে কি শ্রমিকের জীবন নির্বাহের ফুটে উঠেছে :

শ্রমিকের ঘাম ও শ্রমে যে শিল্প সমৃদ্ধ হচ্ছে, সেই শ্রমিকের পরিবার কি ১৮ হাজার টাকায় সম্মানজনক জীবনযাপন করতে পারবে? বর্তমান বাজারে ১৮ হাজার টাকায় কি চার সদস্যের একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব? যেখানে একজন শ্রমিককে নিজের স্ত্রী-সন্তানের পাশাপাশি মা-বাবার ভরণপোষণের দায়িত্বও পালন করতে হয় এবং এ বিষয়ে দেশে আইনও রয়েছে, সেখানে ১৮ হাজার টাকার মজুরি দিয়ে সেই দায়িত্ব পালন কীভাবে সম্ভব?

একটি প্রশ্ন থেকেই যায়—শ্রমিকের বাস্তব জীবনযাত্রা, পারিবারিক দায়িত্ব ও মানবিক মর্যাদার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে সিপিডির এই গবেষণা প্রস্তাব কি গবেষণার নীতি-নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করছে না?

আমরা ১৮ হাজার টাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। গার্মেন্টস শ্রমিকদের জন্য বাস্তবসম্মত, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে—এমন ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।

আমাদের দাবি, গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা ঘোষণা করতে হবে। দারিদ্র্যসীমায় বাঁচার মজুরি নয়, শ্রমিকের চাই মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী মজুরি। শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া নয়, এটি তাঁর অধিকার।

মো. হাসান আলী : সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন (সিএনটিডব্লিউএফ)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...