• আপডেট টাইম : 10/11/2026 09:54 AM
  • 20 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস দেমির চেলিক লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

৯ নভেম্বর সোমবার দুপুরের দিকে দেশটির অন্যতম বৃহৎ এ ইস্পাত উৎপাদনকারী কারখানায় ক্রেনের মাধ্যমে নতুন বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। এর বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ১৬ জন নিহতের কথা জানালেও, পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী তৈরি হয়।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার পর ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান ও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...