• আপডেট টাইম : 06/08/2026 08:08 AM
  • 96 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com

 তৈরি পোশাক (আরএমজি) শিল্পের শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

৪ আগস্ট আগস্ট  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নতুন মজুরি ঘোষণা করা হয়েছিল। সেই হিসাবে আগামী ডিসেম্বর ২০২৬-এ তিন বছর পূর্ণ হতে চলেছে এবং আইন অনুযায়ী নতুন মজুরি কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে।

আইবিসি'র পক্ষে পাঠানো চিঠিতে বলা হয়, মজুরি বোর্ড গঠন, প্রতিনিধি মনোনয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহ, অংশীজনদের মতামত গ্রহণ, গণশুনানি ও অর্থনৈতিক বিশ্লেষণের মতো দীর্ঘমেয়াদি প্রক্রিয়া সম্পন্ন করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত বোর্ড গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় নির্ধারিত সময়ে নতুন মজুরি ঘোষণা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করা ‘ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন’-এর অন্তর্ভুক্ত বাংলাদেশের ১৯টি ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সমন্বয়ে আইবিসি গঠিত, যার মধ্যে ১৬টি সংগঠন সরাসরি পোশাক খাতের শ্রমিকদের প্রতিনিধিত্ব করে।

সংগঠনটি আশা প্রকাশ করে, শ্রমজীবীদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকার দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...