কুষ্টিয়ার দৌলতপুরে দাড়িয়াবান্দা (গাদন) খেলায় অতিথি হিসেবে দাওয়াত না পেয়ে খেলা বন্ধ করে দিয়েছেন খলিসাকুন্ডি ইউনিয়নের সাবেক সদস্য কোরবান আলী। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামবাসী গ্রাম-বাংলার ঐতিহ্য দাড়িয়াবান্দা (গাদন) খেলার আয়োজন করে। মঙ্গলবার বিকালে ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা চলাকালীন সময়ে খেলা বন্ধ করে দেন সাবেক ইউপি সদস্য কোরবান আলী। খেলার মাঝামাঝি সময়ে খেলা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হোন স্থানীয় দর্শকরা। খেলার প্রথম পুরস্কার ছিল একটি খাসি ছাগল।
খেলা বন্ধ করার বিষয়ে জানতে খলিসাকুন্ডি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম বিন জামান বলেন, একজনকে (কোরবান আলী) খেলা দেখার দাওয়াত না দেওয়াতেই তিনি এই খেলা বন্ধ করে দিয়েছেন। ফলে দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের ক্ষোভ আর চরম হতাশা নিয়ে ফিরতে হয়েছে।
এ বিষয়ে খলিসাকুন্ডি ইউনিয়নের সাবেক সদস্য ও ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কোরবান আলী বলেন, আসরের নামাজের সময় জোরে সাউন্ড বক্স বাঁজাতে নিষেধ করেছি। খেলায় দাওয়াত দেয়ার সাথে এর কোন সম্পর্ক নেই। একই সাথে নিজেকে বিএনপির কর্মি দাবী করেন তিনি।
এ জাতীয় আরো খবর..