• আপডেট টাইম : 08/07/2026 07:59 AM
  • 73 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

পদ্মার অনাবাদি চরে চিনা বাদাম চাষ করে এবছরও ব্যাপক সাফল্য পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের চাষীরা। পদ্মার বিস্তীর্ণ চরে চাষকরা সোনালী ফসল বাদাম অধিকাংশ চাষী ইতিমধ্যে ঘরে তোলার কাজ শেষ করেছেন। দু’একজন চাষী এখনও ক্ষেত থেকে বাদাম তুলতে ও শুকোতে ব্যস্ত সময় পার করছেন। অর্থকরী এ ফসল চাষ করে সংসারে স্বচ্ছলতাও ফিরেছে চরবাসীর।


চলতি রবি মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের বিস্তীর্ণ চরে ৪৫০ হেক্টর জমিতে চিনা বাদামের চাষ হয়েছিল। যা গতবছরের চেয়ে প্রায় ৩০০ হেক্টর জমি কম। একসময় পদ্মা নদীতে জেগে উঠা বালুচর পড়ে থাকতো, যা চাষীদের কোন কাজেই আসতো না। জেগে উঠা পদ্মার চরে চাষীরা চিনা বাদাম চাষ করে ব্যাপক সাফল্য পাওয়ায় প্রতি বছরই চাষীদের বাদাম চাষে আগ্রহ বাড়তে থাকে। ফলে অর্থকরী এ ফসলের চাষ ছড়িয়ে পড়ে পুরো চরে।

এবছরও চরে বাদাম চাষ করে চাষীরা ব্যাপক সাফল্য পেয়েছেন। বিঘাপ্রতি ৬ থেকে ৮ মন হারে বাদাম হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে চাষীদের লাভের অংক তিনগুন থেকে চারগুন ছাড়িয়ে যাচ্ছে। প্রতি বিঘা জমিতে বাদাম চাষে চাষীদের খরচ হয়েছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। আর বিক্রয় হচ্ছে প্রতিমন বাদাম ৪ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা দরে। যা খুচরা পর্যায়ে আরো বেশী। খরচ কম ও অল্প পরিশ্রমে লাভও বেশী হওয়ায় বাদাম চাষে চরম খুশি চাষীরা।


আবার বাদাম ক্ষেতে কাজ করে স্থানীয় দিনমজুরদের আয়ও বেড়েছে। ক্ষেত থেকে বাদাম তোলা ও ঝাড়াই-বাছাইয়ের কাজে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নিচ্ছেন। এ কাজে মৌসুমীী শ্রমিকরা প্রতিদিন ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করছেন।


স্থানীয় চাষীরা জানান, পদ্মার জেগে ওঠা চরগুলো একসময় অনাবাদি পড়ে থাকলেও বর্তমানে সেখানে চিনাবাদাম চাষ করে চাষীরা সাফল্য পাচ্ছেন। মাত্র ৩ মাসে ফসল ঘরে তোলা যায় এবং লাভও তুলনামূলক বেশি হওয়ায় চাষীদের কাছে এটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে পরিচিতি রয়েছে।


রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাদাম চাষী সোহেল আহমেদ আলম বলেন, আমি প্রতি বছরই বাদামের আবাদ করি। মাত্র তিন মাসের ফসল হওয়ায় চরাঞ্চলে এটি চাষকরা সহজ। এবছর প্রতি বিঘা জমিতে ৬ থেকে ৮ মন হারে উৎপাদন হয়েছে। সব খরচ বাদ দিয়ে বাদাম চাষীদের লাভ হয়েছে দুই থেকে তিনগুন।


স্থানীয় দিনমজুর বিল্লাল হোসেন বলেন, এবার বাদাম তোলার কাজে প্রতিদিন ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করেছি। নারী ও শিশুরাও এই কাজে অংশ নিচ্ছে, ফলে অনেক পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।


চরাঞ্চলে বাদাম চাষের বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন বলেন, সরকারি প্রণোদনা এবং কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়ার ফলে এ বছর বাদামের ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় ৬ থেকে ৮ মন পর্যন্ত উৎপাদন হয়েছে এবং বাজারে প্রতি মন বাদাম সাড়ে ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা সব খরচ বাদ দিয়ে বেশ লাভবান হচ্ছেন।

কৃষি বিভাগ থেকে বাদামের নতুনজাত সরবরাহসহ প্রণোদনা ও কারিগরি পরামর্শ প্রদান এবং সবধরণের সহায়তা দেওয়ার ফলে বাদামের ফলন বৃদ্ধি পেয়েছে। তবে চরে আন্যান্য ফসলের চাষ বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর বাদাম চাষের পরিমান কিছুটা কমেছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...