কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ উদয়নগর বিওপির টহল দল ৬ জুলাই সোমবার সকাল ৯.২০টায় সীমান্ত সংলগ্ন ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান চালায়।
এসময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ অবস্থায় রয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতসহ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।