কুষ্টিয়ার দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খালেদুর রহমান।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দৌলতপুর থানায় যোগদান করেন। তার যোগদানের মধ্য দিয়ে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবার মান বাড়বে বলে স্থানীয়দের প্রত্যাশা।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মো. আরিফুর রহমান। তার দায়িত্বকালকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ওই সময়ে থানায় দালালচক্রের দৌরাত্ম্য বেড়ে যায় এবং খুন, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পায়।
দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়া-১ দৌলতপুরের আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু জাতীয় সংসদেও আলোচনা করেন।
নবাগত ওসি খালেদুর রহমানের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, তিনি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দৌলতপুর থানাকে দালালমুক্ত, জনবান্ধব ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করবেন। স্থানীয়দের বিশ্বাস, আইনের সুশাসন নিশ্চিত হলে এলাকায় শান্তি ও নিরাপত্তা আরও জোরদার হবে।