কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আকিজ বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা।
৭ জুন রোববার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে আকিজ বিড়ি ফ্যাক্টরীর প্রায় দেড় শতাধিক বিক্ষুব্ধ শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভরত শ্রমিকদের দাবি, বর্তমানে তারা এক হাজার বিড়ি তৈরী করলে ৬১ টাকা মজুরি পান, যা বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় কম। বিদ্যমান মজুরির সঙ্গে অতিরিক্ত ২০ টাকা বৃদ্ধি করে প্রতি হাজার বিড়ির মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানান।
সড়ক অবরোধের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক অবরোধের বিষয়ে শ্রমিক নেতা মোহাম্মদ টিপু সুলতান জানান, দীর্ঘদিন ধরে আমরা অল্প মজুরিতে কাজ করে আসছি। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। তিনি আরও বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে আকিজ বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার শ্যামল কুমার দাস জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি নিয়ে আগামী ১৩ জুন ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে। পরে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।