• আপডেট টাইম : 02/06/2026 08:35 PM
  • 93 বার পঠিত
  • আবরার নুর ফাহিম, ভ্রাম্যমাণ প্রতিবেদক
  • sramikawaz.com

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আটটি কৃষি খামারের তিন শতাধিক নারী শ্রমিক দীর্ঘদিন ধরে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। আখখেতে পুরুষ শ্রমিকদের সমান কাজ করেও তারা কম মজুরি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

খামারের আখখেতে প্রতিদিন কাজ করে একজন পুরুষ শ্রমিক পান ৩৬০ টাকা। একই ধরনের কাজের জন্য একজন নারী শ্রমিক পান ৩৫০ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিল প্রতিষ্ঠার পর থেকেই নারী শ্রমিকদের মজুরি পুরুষ শ্রমিকদের তুলনায় কম নির্ধারণ করা হয়ে আসছে। স্বাধীনতার পর এ ব্যবধান ছিল ৫ টাকা, যা বর্তমানে বেড়ে ১০ টাকায় দাঁড়িয়েছে।

নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার সূত্রে জানা গেছে, মিলটির আওতায় সাতটি কৃষি ও বাণিজ্যিক খামার এবং একটি বীজ বর্ধন খামার রয়েছে। এসব খামারে দক্ষ শ্রমিক ও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক—এই দুই ধরনের শ্রমিক কাজ করেন। নারী শ্রমিকরা মূলত দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে নিয়োজিত। বর্তমানে খামারগুলোতে প্রায় সাড়ে তিনশ নারী শ্রমিক রয়েছেন।

এসব শ্রমিকের অধিকাংশই নর্থ বেঙ্গল সুগার মিল প্রতিষ্ঠাকালে ফরিদপুর ও রাজবাড়ী জেলা থেকে আনা কৃষি শ্রমিক পরিবারের সদস্য। এছাড়া কিছু সংখ্যক আদিবাসী নারীও এখানে কাজ করেন। আখ রোপণ, পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ থেকে শুরু করে চিনিকলে সরবরাহের পূর্ব পর্যন্ত আখচাষের প্রায় সব কাজেই তারা পুরুষ শ্রমিকদের সঙ্গে সমানভাবে অংশ নেন। তবে একই কাজ করেও তারা পুরুষ শ্রমিকদের তুলনায় দৈনিক ১০ টাকা কম মজুরি পান।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৩৪৫ ধারায় সমপ্রকৃতি, সমমান বা সমমূল্যের কাজের ক্ষেত্রে নারী ও পুরুষ শ্রমিকদের সমমজুরি প্রদানের নীতি অনুসরণের কথা বলা হয়েছে। আইনে লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য নিরুৎসাহিত করা হলেও নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামারগুলোতে দীর্ঘদিন ধরে এ বৈষম্য বিদ্যমান রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।

খামারের নারী শ্রমিকরা জানান, মজুরি বৈষম্যের পাশাপাশি তারা অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। একসময় খামারের বাসাবাড়ি মেরামত, বিনাখরচে হাঁসুয়া, কোদাল ও অন্যান্য কৃষি যন্ত্রপাতি মেরামত এবং বিদ্যুৎ সুবিধা পাওয়া গেলেও বর্তমানে সেসব সুবিধা বন্ধ রয়েছে। এছাড়া তারা আগে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সদস্য থাকলেও এখন আর সদস্য নন।

নরেন্দ্রপুর কৃষি খামারের শ্রমিক জোবেদা, রোকেয়া ও কয়েকজন নারী শ্রমিক বলেন, “সকাল ৭টা থেকে দুপুর ১টা বা দেড়টা পর্যন্ত একটানা কাজ করে মাত্র ৩৫০ টাকা মজুরি পাই। এই টাকায় সংসার চালানো কষ্টকর। খামারের বাইরে সাধারণ কৃষকের জমিতে কাজ করলে ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়।”

তারা মজুরি বৃদ্ধি এবং নারী-পুরুষ শ্রমিকের জন্য সমান মজুরি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মমিনুল ইসলাম শ্রমিক আওয়াজকে বলেন, “কয়েক বছর আগে কৃষি শ্রমিকদের ইউনিয়নের সদস্যপদ বাতিল করা হয়। কৃষি খামারের মজুরি বৈষম্যের বিষয়টি দীর্ঘদিনের। আমরা বিভিন্ন সময় বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান হয়নি।”

নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (খামার) বাকি বিল্লাহ বলেন, “পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের মজুরি কিছুটা কম। এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। বিষয়টি আগামী চিনিকল পরিচালনা সভায় উপস্থাপন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...