• আপডেট টাইম : 29/05/2026 02:10 PM
  • 467 বার পঠিত
  • মেহেদী হাসান, ফিলিপনগর (দৌলতপুর)
  • sramikawaz.com

প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে ‘ভয়েজ অব ফিলিপনগর-ভপ’ আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২৯ মে শুক্রবার সকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘ভপ’ সভাপতি রাশেদুল হাসান রিপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আরিফ রেজা ফিলিপনগরের উন্নয়নের নানা দাবি ও সমস্যা তুলে ধরেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগরে এই ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত অনুসরণীয়।”


আবেদের ঘাট থেকে স্কুল পর্যন্ত রাস্তার বিষয়ে এমপি বলেন, “জনগণের জমির ওপর দিয়ে রাস্তা করার বিষয়টি আপনারা স্থানীয়ভাবে মীমাংসা করলে  রাস্তাটি নির্মাণের ব্যবস্থা করে দেব।”


ফিলিপনগর হাসপাতালের বিষয়ে তিনি বলেন, “আপনারা জানেন, এই হাসপাতালটি নেদারল্যান্ডসের একটি প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হতো। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডা. জাহিদুর রহমান হাসপাতালটি পরিদর্শনে এসেছিলেন। তিনি দেখতে পান সেখানে তিনজন স্টাফ অনুপস্থিত। বিদেশি প্রজেক্টটি শেষ হয়ে যাওয়ায় বর্তমানে কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে আমি ডা. জাহিদেরসঙ্গে কথা বলেছি, আমরা শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাব।”

তিনি আরও জানান, ডা. জাহিদ ড্যাবের একজন বড় নেতা এবং বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন।


ফিলিপনগর হাইস্কুলের উন্নয়ন নিয়ে এমপি বলেন, “এই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন আমার বন্ধু সরওয়ার জাহান বাদশাহর বাবা মুহাম্মদ শাহজাহান স্যার। বাদশাহ নিজেও এই স্কুলের ছাত্র ছিলেন। তিনি এবং তাঁর স্ত্রী দীর্ঘদিন এই স্কুল পরিচালনার দায়িত্বে ছিলেন। অথচ গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে এই স্কুলে ভবন নির্মিত হয়নি। এখন আমার কাছে দাবি জানানো হয়েছে।ইনশাআল্লাহ, আগামী অর্থবছরের বাজেট বরাদ্দের পর আমি স্কুলের সামনের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”


তিনি আরও বলেন, “এমপি ইচ্ছে করলেই সব কাজ একা করতে পারেন না যদি না ইউএনও সাহেব সহযোগিতা করেন। আমাকে ইউএনও সাহেব অত্যন্ত সহযোগিতা করছেন, সেজন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। যেসব স্কুলের প্রধান শিক্ষক বিএনপি সমর্থক ছিলেন, রাজনৈতিক কারণে গত ১৬ বছরে সেসব স্কুলে কোনো উন্নয়ন হয়নি। আমি আগে সেই স্কুলগুলোর দাবি পূরণ করব, তবে আপনাদের স্কুলের কাজও পর্যায়ক্রমে করে দেওয়া হবে।”


খেলাধুলার ঐতিহ্য নিয়ে তিনি বলেন, “ফিলিপনগর একসময় ফুটবলে নামকরা ছিল। এখানকার কৃতী ফুটবলার এলাহী ভাই ছেলেদের প্রশিক্ষণ দিতেন। আমি দ্রুতই আপনাদের স্কুলের জন্য দুটি স্পোর্টস সেট কিনে দেব।”


চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই চরেরই সন্তান ছিলেন পিজি হাসপাতালের সাবেক জয়েন্ট ডিরেক্টর ও পিএসসির মেম্বার শিশু বিশেষজ্ঞ ডা. নুরুল ইসলাম। তিনি অনেক বড় মাপের ডাক্তার হওয়া সত্ত্বেও এলাকার মানুষের উপকারে আসতেন না। আপনারা তাঁর মতো হবেন না। ডা. আরিফ রেজা বা ডা. শাহীনের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ডা. আরিফ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের সেবা নিশ্চিত করে, তা প্রশংসনীয়। এমনকি আমার অসুস্থতার সময়ও সে অত্যন্ত আন্তরিকভাবে সেবা দিয়েছে।”


এলাকার উন্নয়ন ও দেশের অর্থনীতি নিয়ে এমপি বলেন, “অনেকে বড় ডাক্তার হয়ে এলাকার পরিচয় দিতে চান না। ডা. আরিফ এলাকার কিছু দাবি জানিয়েছে। আগামী অর্থবছরে রাস্তার কাজ সম্পন্ন হবে। ‘ভয়েজ অব ফিলিপনগর’ যেন স্কুলের একটি কক্ষে তাদের অফিস করতে পারে, সেজন্য স্কুলের নামে ঘর বরাদ্দ দিয়ে দেব। তবে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। শেখ হাসিনা সরকার ৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছে। এর মধ্যেও আমরা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুর রহমান, বিএনপি নেতা সাইদুর রহমান, হেলাল উদ্দিন, সজল, জাহিদুল ইসলাম মুকুল ও যুবনেতা রুশো প্রমুখ। ##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...