টানা দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন মো. জিয়াউর রহমান। তিনি জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাঁর এই অনন্য সাফল্যে জেলাজুড়ে শিক্ষক সমাজে আনন্দের বন্যা বইছে।
অসামান্য এই অর্জনের পেছনে রয়েছে তাঁর দীর্ঘদিনের একাগ্রতা ও নিরলস পরিশ্রম। প্রাপ্ত তথ্যমতে, মো. জিয়াউর রহমান এর আগেও ২০২৫ সালে জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মর্যাদাপূর্ণ 'প্রাথমিক শিক্ষা পদক' লাভ করেন।
টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষকের মুকুট পরার পর গত শনিবার (২৩ মে) তিনি বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠনসহ জেলার নানা সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
একজন আদর্শ শিক্ষক এবং দক্ষ প্রশাসক হিসেবে প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানের এলাকায় ব্যাপক সুনাম ও সুখ্যাতি রয়েছে। একেবারে প্রত্যন্ত এক জনপদে অবস্থিত তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে তিনি তাঁর মেধা, সৃজনশীলতা ও শ্রম দিয়ে একটি আদর্শ, আধুনিক ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।
শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুন্দর করতে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপ আজ অন্যান্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁর এই ধারাবাহিক সাফল্য আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তিনি জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে কুষ্টিয়া জেলার মুখ উজ্জ্বল করবেন—এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের শিক্ষক সমাজ ও স্থানীয় সচেতন মহল।