• আপডেট টাইম : 24/05/2026 11:00 PM
  • বার পঠিত
  • তোফায়েল আহমেদ, কুষ্টিয়া সদর:
  • sramikawaz.com

কুষ্টিয়া শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বড়বাজার রেলগেটের নিত্যদিনের তীব্র যানজট ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে একটি কার্যকরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে, রোববার কুষ্টিয়া ইজি বাইক চালক ও মালিক কল্যাণ সমিতির বিশেষ উদ্যোগে এবং কুষ্টিয়া বড়বাজার ব্যবসায়ী সমিতির সাথে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।


প্রতিদিন বড়বাজার রেলগেট এলাকায় যানবাহনের চাপে যে তীব্র যানজটের সৃষ্টি হয়, তা থেকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মুক্তি দিতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবারের এই আলোচনা সভায় যানজট সৃষ্টির প্রকৃত কারণগুলো চিহ্নিত করা, সাধারণ মানুষের প্রতিদিনের ভোগান্তি এবং তা দ্রুত নিরসনে করণীয় নানা দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বড়বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি ফুয়াদ ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। অপরদিকে, ইজিবাইকের চালক ও মালিকদের পক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইজি বাইক চালক ও মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ স্বজল আলীসহ অন্যান্য সদস্যরা।


দীর্ঘ আলোচনা শেষে কুষ্টিয়ার সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে উভয় সংগঠন একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। এ প্রসঙ্গে কুষ্টিয়া ইজি বাইক চালক ও মালিক কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মোঃ স্বজল আলী বলেন, শহরের যানজট নিরসনে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।


সভায় উপস্থিত সকলের অভিমত, কেবল প্রশাসন নয়, বরং এভাবেই পারস্পরিক সহযোগিতা, চালক-যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কুষ্টিয়া বড়বাজার রেলগেট এলাকার যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর ও স্থায়ী ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...