• আপডেট টাইম : 24/05/2026 08:57 AM
  • 64 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , ঢাকা
  • sramikawaz.com


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদকে সামনে রেখে ধাপে ধাপে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রোস্টার অনুযায়ী, আজ রোববার (২৪ মে) থেকে কারখানাগুলোতে ছুটি শুরু হয়।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, ২৪ মে তারিখে ছুটি পেয়েছে ১০৮টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৬ শতাংশ। ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ।

এছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, যা মোট কারখানার ৪৩ শতাংশ। আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা, যা প্রায় ১৪ শতাংশ।

একসঙ্গে সব কারখানায় ছুটি দিলে সড়ক ও যানবাহনে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে—এমন পরিস্থিতি এড়াতেই রোস্টারভিত্তিক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী আজ থেকেই শ্রমিকরা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন।

বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীচাপ বাড়তে শুরু করেছে। শিল্পাঞ্চল গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জ থেকে শ্রমিকদের একাংশ ইতোমধ্যে যাত্রা শুরু করেছেন।

শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা গেছে। একইসঙ্গে ছুটি শেষে সময়মতো শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে কারখানা কর্তৃপক্ষও প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...