• আপডেট টাইম : 13/05/2026 01:35 PM
  • 108 বার পঠিত
  • তোফায়েল আহমেদ, কুষ্টিয়া সদর
  • sramikawaz.com

কুষ্টিয়ার চৌরহাঁস-চিনিকল রোড সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি এলাকার মানুষ। শহরের সঙ্গে মিরপুরের মিনাপাড়া, কবরবাড়িসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও গর্তে ভরা থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, রোগী আনা-নেওয়া এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কোথাও কোথাও রাস্তার পিচ উঠে গিয়ে খানা-খন্দে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

এলাকাবাসী জানান, মিনাপাড়া, কবরবাড়ি ও আশপাশের গ্রামগুলো থেকে প্রতিদিন বিপুল পরিমাণ শাকসবজি, ধান, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কুষ্টিয়া শহরের বাজারে নেওয়া হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ। অনেক সময় যানবাহন চলাচল করতে না পারায় কৃষকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মো. মিতুল ইসলাম (২৭) বলেন, “বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির সময় রাস্তায় চলাচল করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে।”

শিক্ষার্থীদের দুর্ভোগও কম নয়। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে শহরের বিভিন্ন স্কুল-কলেজে যাতায়াত করে শত শত শিক্ষার্থী। রাস্তার খারাপ অবস্থার কারণে তারা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। অনেক সময় যানবাহন না পেয়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।

অসুস্থ রোগীদের শহরের হাসপাতাল বা ক্লিনিকে নিতে গিয়েও বিপাকে পড়তে হয় স্বজনদের। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা ইজিবাইক গর্ত এড়িয়ে চলতে গিয়ে ধীরগতিতে চলাচল করে, ফলে সময়মতো চিকিৎসা পাওয়াও কঠিন হয়ে পড়ে।

কুষ্টিয়া চিনিকল বাজার এলাকার এক বাসিন্দা বাকিবুল ইসলাম বলেন, “এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু এমন অবস্থা হয়েছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন। দ্রুত সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত চৌরহাঁস-চিনিকল রোড সড়ক সংস্কার, গর্ত ভরাট এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...