• আপডেট টাইম : 25/04/2026 09:24 PM
  • 29 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ভয়াবহ স্মৃতি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের ইতিহাসে এক গভীর বেদনাদায়ক ক্ষত।

এই মর্মান্তিক দুর্ঘটনার ১৩ বছর পূর্তি উপলক্ষে ২৪ এপ্রিল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রানা প্লাজা ধসের ১৩ বছর পর: পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বর্তমান অবস্থা’ শীর্ষক এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

বিশ্বের অন্যতম ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১,১৩৪ জনেরও বেশি শ্রমিক প্রাণ হারান এবং কয়েক হাজার আহত হন। স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, দুর্ঘটনার পরপরই তৎকালীন আইবিসি’র চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের নেতৃত্বে শ্রমিক সংগঠনগুলো দেশি-বিদেশি সংস্থা, সরকার এবং বায়ারদের সাথে সমন্বয় করে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।

রানা প্লাজা ট্র্যাজেডির পর আন্তর্জাতিক মহল ও সরকারের চাপে আরএমজি খাতে কাঠামোগত বড় পরিবর্তন আসে। ইউরোপীয় ব্র্যান্ডগুলোর ‘অ্যাকর্ড’ এবং আমেরিকান ব্র্যান্ডগুলোর ‘অ্যালায়েন্স’-এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ‘ডাইফ’ (DIFE) কারখানার ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে। কারখানায় ফায়ার এক্সিট, ড্রিল, স্প্রিংকলার সিস্টেম ও ফায়ার অ্যালার্ম বাধ্যতামূলক করা হয়। ২০১৩ সালেই শ্রম আইন সংশোধন করে ট্রেড ইউনিয়ন করার অধিকার সহজ করা হয় এবং প্রতিটি কারখানায় মালিক-শ্রমিক সমন্বয়ে ‘সেফটি কমিটি’ গঠন বাধ্যতামূলক করা হয়। এছাড়া আইএলও-র সাথে ‘বেটার ওয়ার্ক বাংলাদেশ’ এবং ‘সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট’ স্বাক্ষরের মাধ্যমে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা জোরদার করা হয়।

ক্ষতিপূরণের ক্ষেত্রে আইএলও-র তত্ত্বাবধানে ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’-এর মাধ্যমে প্রায় ৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়। প্রাইমার্ক (৫.৪ মিলিয়ন), লবলো, ম্যাংগো, জারা-সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড এতে অনুদান দেয়। আহতদের জন্য ‘ট্রাস্ট ফর ইনজুরড ওয়ার্কার্স মেডিকেল কেয়ার’ (TIWMC) আজও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে। তবে সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ভবন মালিক সোহেল রানা এখনো কারাগারে আয়েশে দিন কাটাচ্ছেন। হাইকোর্ট তাকে জামিন দিলেও পরে তা স্থগিত হয়। বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা নিয়ে বক্তারা বলেন, "জাস্টিস ডিলেড—জাস্টিস ডিনাইড, বিচারের বাণী আজও নিভৃতে কাঁদছে।"

সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় যে, পোশাক খাতে সেফটি ও রিমিডিয়েশনের কাজ হলেও অন্যান্য শিল্প খাতগুলো এখনো চরম ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। ২০১৬ সালে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলসে বয়লার বিস্ফোরণে ৪৪ জন, ২০২২ সালে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে ৪৭ জন নিহত ও ৩৫০ জন আহত, ২০২১ সালে রূপগঞ্জের সেজান জুস কারখানায় ৪৫ জন এবং সম্প্রতি কেরানীগঞ্জের গ্যাস রিফিলিং কারখানায় ৬ জন শ্রমিকের মৃত্যু প্রমাণ করে যে, নিরাপদ কর্মপরিবেশ এখনো সার্বজনীন হয়নি। এসব কারখানায় অনেক শিশু শ্রমিকও কাজ করছে। তাই জীবনের মূল্য অনুধাবন করে ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ (EIS)-এর মতো উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

সবশেষে, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও টেকসই শিল্পখাত গড়ে তুলতে স্মরণসভায় সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়। কারখানার মালিকদের স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ, ঝুঁকি নিরূপণ ও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে হবে। সরকারের দায়িত্ব হলো কঠোর আইন প্রণয়ন, নিয়মিত তদারকি, আইন বাস্তবায়ন এবং নিরাপত্তা মান নির্ধারণ করা। শ্রমিক সংগঠনগুলোকে আইন বাস্তবায়নে চাপ প্রয়োগ, নিরাপত্তা কমিটিতে সক্রিয় ভূমিকা এবং আইনি সহায়তা প্রদানে কাজ করতে হবে। পাশাপাশি, আন্তর্জাতিক বায়ার ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য প্রদান, নিয়মিত অডিট এবং ‘কোড অব কন্ডাক্ট’ বাস্তবায়নে দায়বদ্ধ হতে হবে। সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন সাউথ এশিয়ার রিজনাল সেক্রেটারি আশুতোষ ভট্টাচারিয়া, আইএলও প্রতিনিধি নিরান রাম জুটান, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ই টি আই এর নির্বাহী পরিচালক আবিল বিন আমিন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইবিসি সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আমিনুল হক আমিন,জেড এম কামরুল আনাম, রুহুল আমিন, আবুল কালাম আজাদ, শহিদুল্লাহ বাদল , চায়না রহমান,রাশেদ ইসলাম রাজু, কামরুল হাসান, খাদিজা আক্তার, খাদিজা আক্তার। যুব কমিটির সভাপতি সৈকত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান আলী,সাধারণ সম্পাদক রিপন মিয়া। নারী কমিটির সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক মুসলেহা সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইবিসি সিনিয়র নেতা সালাউদ্দিন স্বপন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...