• আপডেট টাইম : 25/04/2026 08:40 AM
  • 4 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

 

শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতাকে দৃশ্যমান করা এবং শিল্প দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ প্রদর্শনী আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস। “তবুও অটল: বাংলাদেশের শিল্প বিপর্যয়, শ্রমজীবী মানুষের জীবন ও স্মৃতির মূল্য” শীর্ষক এই প্রদর্শনীটি ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নং গ্যালারিতে প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে রানা প্লাজা ট্র্যাজেডিসহ গত দুই দশকে সংঘটিত বিভিন্ন শিল্প দুর্ঘটনার চিত্র, শ্রমিকদের জীবনের ঝুঁকি, ক্ষতি, বেদনা এবং পুনরুদ্ধারের সংগ্রাম আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন। এ ছাড়া বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ, বিলস, স্কপ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ, শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তৈরি পোশাক খাতসহ দেশের বিভিন্ন শিল্পখাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে গত এক দশকে কিছু ইতিবাচক অগ্রগতি হলেও এখনও কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত মনিটরিং ও পরিদর্শন, আইনের দুর্বল বাস্তবায়ন এবং পরিবেশগত ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। এসব চ্যালেঞ্জ শ্রমিকদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামগ্রিক জীবনমানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা উল্লেখ করেন, রানা প্লাজা ট্র্যাজেডির মতো বড় দুর্ঘটনাগুলো শুধু একটি জাতীয় শোকের ঘটনা নয়, বরং শিল্পখাতে নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং জবাবদিহিতার ঘাটতির প্রতিফলন। এ ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ঝুঁকি মূল্যায়ন জোরদার করা এবং আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে সরকার, শিল্প মালিক, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজসহ সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গড়ে তোলা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

প্রদর্শনীটি শ্রমিকদের অভিজ্ঞতা, বেদনা এবং দৃঢ়তার গল্পকে সামনে এনে একদিকে যেমন জনসচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে আরও দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এই প্রদর্শনীর মাধ্যমে শিল্পায়নের অগ্রগতির আড়ালে লুকিয়ে থাকা শ্রমিকদের বাস্তবতা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলোকে জনসাধারণ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সামনে তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে এটি নিরাপদ কর্মপরিবেশকে একটি মৌলিক অধিকার হিসেবে পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিল্পখাতে সংঘটিত দুর্ঘটনাগুলোর বাস্তবতা ও প্রভাবকে দৃশ্যমান করা, শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা ও কণ্ঠকে সামনে আনা, এবং নিরাপদ কর্মক্ষেত্রকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, নীতিনির্ধারক, শিল্প মালিক, আন্তর্জাতিক ক্রেতা ও অন্যান্য অংশীজনদের মধ্যে সংলাপ ও জবাবদিহিতা জোরদার করে টেকসই, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগকে উৎসাহিত করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...