• আপডেট টাইম : 22/04/2026 09:09 PM
  • 58 বার পঠিত
  • শরীফুল ইসলাম, দৌলপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

রানা প্লাজা ধসের ১৩ বছর স্মরণে শ্রমিকদের ন্যায়বিচার, যথাযথ ক্ষতিপূরণ এবং টেকসই পুনর্বাসন নিশ্চিত করার দাবিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। “রানা প্লাজা দুর্ঘটনার ১৩ বছর: বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ” শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্প দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বর্তমান বাস্তবতা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন বক্তারা।

 

সভায় জাতীয় ও সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার সংগঠনসমূহের প্রতিনিধি, শ্রমিক অধিকার বিষয়ক অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সদস্য, শিল্প দুর্ঘটনায় আক্রান্ত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা সম্মিলিতভাবে শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

 

আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, তাজরিন ফ্যাশন, স্পেকট্রাম, হাশেম ফুড, মিরপুর এবং সাম্প্রতিক নারায়ণগঞ্জ গ্যাসলাইটার কারখানাসহ একাধিক শিল্প দুর্ঘটনা প্রমাণ করে যে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এখনও গুরুতর ঘাটতি রয়ে গেছে। অগ্নি নিরাপত্তা, গ্যাস সিলিন্ডার ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহিতার অভাব, আইন প্রয়োগের দুর্বলতা এবং অবহেলাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়।

 

বক্তারা আরও উল্লেখ করেন, রানা প্লাজার দুর্ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও নিহত ও আহত শ্রমিকদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন উপযুক্ত চিকিৎসা এবং ন্যায্য বিচার পাননি। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও শ্রমিক নিরাপত্তা, কাজের পরিবেশ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিত হওয়ার পথে নানামুখী বাধার কারণে তারা তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারে নি।

 

বক্তারা আরও বলেন, শুধু রানা প্লাজার ঘটনা নয়, অন্যান্য শিল্পক্ষেত্রেও বারবার দুর্ঘটনা ঘটেই চলেছে, যার মূল কারণ চিহ্নিত করা এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও ব্যর্থ। রাষ্ট্র এই ক্ষেত্রে তার দায়বদ্ধতা যথাযথভাবে পালন করতে পারছে না। তাজরিন অগ্নিকান্ড ও রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা বলেন, সরকার সম্প্রতি কিছু পরিবারকে পারিবারিক কার্ড প্রদান করেছে, যা ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ছিল।

 

বক্তারা অভিযোগ করেন, এই সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা এখনো উপযুক্ত শাস্তি পাননি, যা শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়িয়েছে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তার মান উন্নয়ন এবং সরকারের সক্রিয় উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব নয়। মালিকপক্ষের দায়িত্বশীল আচরণ নিশ্চিত না হওয়ার ফলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।

আগামী দিনে শ্রমিক নিরাপত্তা, ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করতে সংহতি, সচেতনতা এবং সক্রিয় উদ্যোগ অপরিহার্য, যাতে শ্রমিকেরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করা যায়। রাষ্ট্র এই ক্ষেত্রে তার দায়বদ্ধতা এড়াতে পারে না বলেও বক্তারা মন্তব্য করেন।

 

বক্তারা জোর দিয়ে বলেন, সকল শিল্প দুর্ঘটনার বিচার, যথাযথ ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করতে হলে সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। একই সঙ্গে কার্যকর নজরদারি, আইন প্রয়োগের শক্তিশালী ব্যবস্থা এবং শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।

 

সভায় সভাপতিত্ব করেন বিলস-এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল। সূচনা বক্তব্য প্রদান করেন শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মেজবাউদ্দিন আহমেদ, বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, স্কপ-এর যুগ্ম-সমন্বয়কারী এএসএম ফয়েজ হোসেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোটের সাধারন সম্পাদক নুরুল আমিন, শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সেকেন্দার আলী মিনা এবং বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন ।

আলোচনা সভায় শিল্প দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পক্ষ থেকে রানা প্লাজা, তাজরিন, হাশেম ফুড এবং সাম্প্রতিক গ্যাসলাইটার কারখানার আহত ও ক্ষতিগ্রস্থ শ্রমিকরা বক্তব্য দেন এবং তাদের দুর্ভোগ, চিকিৎসা সংকট ও পুনর্বাসনের অভাবের বিষয়গুলো তুলে ধরেন।

 

এছাড়া বিভিন্ন সেক্টরভিত্তিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. বিশ্বজিৎ রায়।

সভায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানান।

 

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জাতীয় ও সেক্টরাল ট্রেড ইউনিয়নের সমন্বিত সংগ্রামের মাধ্যমে রানা প্লাজাসহ সকল শিল্প দুর্ঘটনার বিচার, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করা এবং একটি নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ প্রতিষ্ঠার দাবি জোরালো করা। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সংঘটিত রানা প্লাজা ধসে ১,১৩৫ জন শ্রমিক নিহত এবং ২,৪৩২ জন শ্রমিক আহত হন, যাদের অধিকাংশই নারী ও তরুণ শ্রমিক।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও বহু ক্ষতিগ্রস্ত শ্রমিক এখনও মানবেতর জীবনযাপন করছেন। দারিদ্র্য, চিকিৎসার অভাব এবং সামাজিক নিরাপত্তাহীনতা তাদের জীবনের দৈনন্দিন সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...