কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মলেজান নেছা (৬৫) নামে ওই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মলেজান নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন। গত ৫ দিন আগে তিনি বাড়ি থেকে আবারও নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজখবর করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
১২ মার্চ আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বিলগাথুুয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া সীমান্ত ঘেষা মাথাভাঙা নদীতে বাংলাদেশ সীমানায় একটি মরদেহ ভাসতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপি’র সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হাস্তান্তর করে।
নিহতের স্বজনদের ধারণা, নিখোঁজের পর থেকে যেকোন সময় মলেজান নেছা মানসিক ভারসাম্যহীনতার কারণে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে তার মৃত্য হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।