কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
৫ মার্ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিহত শিক্ষকের স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমানকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে নিহত আসমা সাদিয়া রুনার স্বামী চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ জমা দিয়েছেন। মামলার ঘটনা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত আসমা সাদিয়া রুনা জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত শিক্ষিকার জানাজায় কুষ্টিয়া-৩ আসনে সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-ভিসি প্রফেসর ড. মো. ইয়াকুব আলীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ চার সন্তানের জননী। এ ঘটনায় নিহতের সহকর্মী ও স্বজনরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে বসে থাকা অবস্থায় তাকে ছুরিকাঘাত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গলায় ছুরির আঘাতে গুরুতর আহত কর্মচারী ফজলুর রহমান সাড়া দিচ্ছেন। কিছু জিজ্ঞাসা করলে তিনি কলম দিয়ে লিখে উত্তর দিতে পারছেন।
৫ মার্চ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসেন ইমাম।
তিনি বলেন, ফজলুর রহমানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ওয়ার্ডে ভর্তি রাখা আছে। তাঁকে ডাকলে সাড়া দিচ্ছেন। চোখ মেলে তাকাচ্ছেন। কিছু জানতে চাইলে কলম দিয়ে লিখতে পারছেন। রাতেই পুলিশের কর্মকর্তারা দুই পাতার লিখিত বক্তব্য নিয়ে গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে।